`তাকিয়ে রয়েছি ব্যাটসম্যানদের দিকে’
‘অসাধারণ বোলিং-ফিল্ডিং হয়েছে। বাংলাদেশের বোলাররা ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যানদের কোনো সুযোগই দেননি। আমার মনে হয়, ইংল্যান্ডের মতো দলকে ২২৫ রানে অলআউট করে দিয়ে ঘুরে দাঁড়ানোর মিশনের শুরুটা বাংলাদেশ ভালোই করেছে। এখন আমরা তাকিয়ে থাকব ব্যাটসম্যানদের দিকে।’ ইংল্যান্ডের ইনিংস শেষে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে বাশার বলেন, ‘আমার মনে হয় ২২৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করাটা খুবই সম্ভব। কেবল শুরুটা আমাদের দলের ভালো হতে হবে। দুটি ভালো জুটিও দরকার। তাহলেই হয়ে যাবে।’হাবিবুল বাশার বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলছি, চট্টগ্রামের উইকেট পরের সেশনে খুব একটা নষ্ট হয় না। এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করাটা খুব একটা কঠিন না। কেবল আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে।’ ফ্লাডলাইটের আলোয় শিশির আজ প্রভাব সৃষ্টি করতে পারে বলে মনে করেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘ইংল্যান্ডের ইনিংসের শেষের দিকে বাংলাদেশের একজন ফিল্ডারকে রুমাল দিয়ে বল মুছতে দেখলাম। তাঁর মতে, যদি শিশির থাকে, তাহলে তা ব্যাটসম্যানদের পক্ষেই যাবে।’